...|...|...

রাজধানী

তাহসিফের জানাজা সম্পন্ন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৫৩
Shares
তাহসিফের জানাজা সম্পন্ন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির জানাজা রাজধানীর উত্তরায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে দাফনের জন্য মরদেহ উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে নেওয়া হয়।

তাহসিফের বাবা একেএম এনায়েতুল করিম হেলাল দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর তারা মরদেহ নিয়ে উত্তরায় নিজেদের বাসায় যান।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, তাহসিফ সাউরির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর পেট ফোলা ছিল এবং নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ হবে।