...|...|...

রাজধানী

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:১৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৭
Shares
মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ছবি: সংগৃহীত

মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে সড়ক অবরোধ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে নয়টার দিকে বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করে। তবে কোন কোন গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছে সে বিষয়টি বলতে পারেননি তিনি।

পুলিশ জানায়, সকালের দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক তাদের মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকেরা মিরপুর-১০ নম্বরের সড়কের অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, গার্মেন্টস কর্মীদের আন্দোলনের জন্য এই মুহূর্তে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িক ব্যাহত হচ্ছে।