...|...|...

সংবাদ

চুয়াডাঙ্গায় নিহত বিএনপি নেতার জানাজা সম্পন্ন

চুয়াডাঙ্গায় নিহত বিএনপি নেতার জানাজা সম্পন্ন

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:২৯ | আপডেট: ৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০৪
Shares
চুয়াডাঙ্গায় নিহত বিএনপি নেতার জানাজা সম্পন্ন


চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা নিহত জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়। 

ডাবলুর ছোট ভাই ও মা লন্ডন থেকে দেশে ফিরলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

জানাজায় উপস্থিত ছিলেন-চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীর, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয় শুভানুধ্যায়ীরা।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।  এই দেশে আমরা এমন মৃত্যু প্রত্যাশা করি না।  ডাবলুর মৃত্যুর সঠিক বিচার চাই।  ভবিষ্যতে যেন আর কাউকে এভাবে প্রাণ দিতে না হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘জেলা পুলিশের পক্ষ থেকে আমরা অত্যন্ত মর্মাহত।  পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।  আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ঘটনার সুষ্ঠু বিচারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক-উজ-জামান বলেন, ‘যে ঘটনা ঘটেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।  যে হারায়, সেই একমাত্র বোঝে কী হারালো।  জেলা প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য যা যা প্রয়োজন, সব করা হবে।  তদন্তে যারা জড়িত থাকবে, কেউই ছাড় পাবে না।’

উল্লেখ্য, সোমবার (১২ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠান হাফিজা ফার্মেসির সামনে থেকে ডাবলুকে আটক করে পার্শ্ববর্তী একটি কার্যালয়ের কক্ষে নেয় চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের সদস্যরা। 

পরে রাত ১২টার পর তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।