...|...|...

রাজধানী

মর্গে লাশের সাথে বিকৃত যৌনাচারের অভিযোগ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:১৬
Shares
মর্গে লাশের সাথে বিকৃত যৌনাচারের অভিযোগ

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ। ছবি: সংগৃহীত

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের সাথে বিকৃত যৌনাচারের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর হুমকি পাওয়ার অভিযোগ করেছেন ডিজিটাল পোর্টাল ‘আলাপ’-এর বিশেষ প্রতিনিধি দিপু সিকদার। এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডিতে মর্গের সাবেক সহকারী নূরে আলম শান্তের নাম উল্লেখ করেছেন এই সাংবাদিক।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জিডি করেন দিপু সিকদার। তার অভিযোগ, প্রতিবেদন প্রকাশের পর তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। এ ঘটনার পেছনে একটি সিন্ডিকেট জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

জিডিতে দিপু উল্লেখ করেছেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহের পর তাকে হুমকি দেওয়া শুরু হয়। অভিযোগ অনুযায়ী, প্রতিবেদন প্রকাশের পর নূরে আলম শান্ত ফোন করে তাকে বিভিন্নভাবে হুমকি দেন। এ ছাড়া শান্ত ‘কোর্টে দেখা হবে’ লিখে তাকে একটি বার্তাও পাঠান বলে দাবি করেছেন দিপু।

গত ১৮ অক্টোবর ‘আলাপ’-এর ওয়েবসাইটে ‘ধর্ষণের শিকার হচ্ছে মৃত নারীও, নিরাপত্তা কোথায়?’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয়। পরে সংবাদমাধ্যমটির সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতেও প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনটিতে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের সাথে বিকৃত যৌনাচারের অভিযোগ তুলে ধরা হয়েছিল। এ বিষয়ে বক্তব্য নেওয়া হয় হাসপাতালের মর্গের সাবেক ইনচার্জ যতন লাল এবং সেখান থেকে অব্যাহতি পাওয়া মর্গ সহকারী নূরে আলম শান্তের।

এদিকে, সাংবাদিক দিপু সিকদারকে হুমকি দেওয়ার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সংগঠনটির সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।

বিবৃতিতে ক্র্যাব বলেছে, জনস্বার্থ রক্ষা, অনিয়ম উদ্ঘাটন ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হুমকি, ভয়ভীতি বা হয়রানির মুখে পড়তে হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।

দিপু সিকদারের অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি। একইসাথে অভিযোগকারী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব বলেও উল্লেখ করেছে ক্র্যাব।