...|...|...

রাজধানী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৯
Shares
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিস্ফোরক, বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০৩ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯১ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, গুলশান বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, রমনা ও মতিঝিল বিভাগে ৪৩ জন করে গ্রেফতার হয়েছেন। পাশাপাশি স্পেশাল রিজার্ভ ইউনিট (এসআরইউ) থেকে সাতজন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশ চারটি ককটেল, বিস্ফোরিত ককটেলের ১৩টি অংশবিশেষ এবং ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার উদ্ধার করে। এ ছাড়া ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন ও চার বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, অভিযানে একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার এবং দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।