কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে তার মেয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে, নুরুল ইসলাম নাহিদকে আটকের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে থাকা ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে নুরুল ইসলাম নাহিদ ও তার পরিবারের সদস্যদের অভিযোগ করতে দেখা যায়, পুলিশ যাওয়ার কিছুক্ষণ আগে তাদের বাসায় কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে টাকা-পয়সা ও গহনা নিয়ে গেছেন। তবে এ বিষয়ে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছু জানেন না বলে ভিডিওতে বলতে শোনা যায়।
২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন নুরুল ইসলাম নাহিদ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। সিলেট-৬ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।


