...|...|...

আইন ও আদালত

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:০১ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:২৪
Shares
সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জাবেদকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন বলেন, ‘অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণ হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের সাজা ও ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মামলার আসামিদের মধ্যে ১৭ জনের সাজা ও ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।’

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন বলেন, ‘সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে অর্থ পাচারের মামলায় ১০ বছর ও আত্মসাতের অভিযোগে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। তার স্ত্রী রুকমীলা জামানকে দুই অভিযোগে ৫ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সংক্ষুব্ধ, উচ্চ আদালতে আপিল আবেদন করব।’

রায় ঘোষণার সময় আদালতে চারজন আসামি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন খালাস পেয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ভাইবোনসহ মোট ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

২০২৫ সালের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।