...|...|...

বিশ্ব

জাতিসংঘে মৃত্যুদণ্ড নিয়ে ভোট, বিরত থাকল বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৮:১৭ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৩
Shares
জাতিসংঘে মৃত্যুদণ্ড নিয়ে ভোট, বিরত থাকল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ আরোপের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

শুক্রবার (১৩ নভেম্বর) মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়।

ভারত ছাড়াও প্রস্তাবটির বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার ও সৌদি আরব।

প্রস্তাবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একইসাথে আন্তর্জাতিক আইন অনুসরণ করে নিজস্ব আইন ও বিচারব্যবস্থার মাধ্যমে শাস্তি নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি দেশের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে।

প্রস্তাবে সদস্য দেশগুলোকে মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। দীর্ঘমেয়াদে এই শাস্তির বিধান বিলুপ্ত করাই এর মূল লক্ষ্য। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এ শাস্তি চালু না করারও আহ্বান জানানো হয়েছে।

২০২৫ সালে বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

প্রস্তাবে উল্লেখ করা হয়, বিশ্বে মৃত্যুদণ্ডের ব্যবহার কমানোর প্রবণতা দেখা গেলেও ২০২৫ সালে এ শাস্তি কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

এ ছাড়া অপরাধ সংঘটনের সময় যাদের বয়স ১৮ বছরের কম ছিল, তাদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো ব্যক্তির অপরাধ সংঘটনের সময় বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও মৃত্যুদণ্ড কার্যকর না করার কথা বলা হয়েছে প্রস্তাবে।

অন্তঃসত্ত্বা নারী, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের প্রয়োগ সীমিত রাখার সুপারিশও করা হয়েছে।

একইসাথে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের পরিধি কমানো এবং কোনো অপরাধের জন্য বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান বাতিলের আহ্বান জানানো হয়েছে।