...|...|...

সারাদেশ

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০৬
Shares
চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

রবিউল হাসান সোহাগ। ছবি: সংগৃহীত

চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার যুবদল নেতা রবিউল হাসান সোহাগকে বহিষ্কার করেছে জামালপুর জেলা যুবদল। জেলা যুবদলের সহ দফতর সম্পাদক মেহেদী হাসান ইলির সই করা চিঠিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রবিউল হাসান সোহাগকে প্রাথমিক সদস্যপদসহ দফতর সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো বহিষ্কারাদেশ চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে সুস্পষ্ট অভিযোগে জামালপুর জেলার সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন যুবদলের দফতর সম্পাদক রবিউল হাসান সোহাগকে জাতীয়তাবাদী যুবদল, জামালপুর জেলা শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও সদস্য সচিব জনাব সোহেল রানা খানের নির্দেশে দলের প্রাথমিক সদস্যপদ সহ দলীয় সব পদ পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বহিষ্কৃত রবিউল হাসান সোহাগের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নিবেনা। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক সজীব খান রবিউল হাসান সোহাগের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার অপরাধের দায় তার। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।

রবিবার দুপুরে রবিউল হাসান সোহাগকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাতে মোটরসাইকেল চুর চক্রের সদস্যদের তথ্যে সোহাগকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।