ইরানের সাথে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে আগামী ইংরেজি নববর্ষের পর দেশটিতে আবারও হামলা শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি এ সতর্কবার্তা দেন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সাথে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। তবে আলোচনায় তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
ইরানি আলোচকদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘তারা সারাক্ষণই কথা বলে। তারা শুধু কথাই বলে যায়, কিন্তু এর সবই অর্থহীন বুলি।’
এদিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালিতে ইরানের ওপর নৌ-অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে এর জবাব দিচ্ছে তেহরান।
অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজগুলোকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন নৌ-অবরোধ অমান্য করে কোনো ইরানি জাহাজ বের হওয়ার চেষ্টা করলে সেগুলোতে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হবে।
ফক্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে নতুন করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের ভিডিও দেখেছেন ট্রাম্প। এরপর দেশটির আন্দোলনকারীদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

