...|...|...

সারাদেশ

চিরকুট লিখে গলায় ফাঁস নিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪৫
Shares
চিরকুট লিখে গলায় ফাঁস নিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে রিমা আক্তার (১৪) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে তার নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিমা আক্তার একই গ্রামের মৃত রিপন মিয়ার দ্বিতীয় কন্যা। তিনি স্থানীয় একটি ব্র্যাক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রিমা ছোট থাকতেই তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর মা জহুরা বেগম তিন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। সম্প্রতি রিমার বিয়ের বিষয়ে পরিবারের পক্ষ থেকে আলোচনা চলছিল। স্বজনদের দাবি, পরিবারের এ সিদ্ধান্তে তিনি রাজি ছিলেন না।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, ঘটনার আগে রিমা নিজের হাতে একটি চিরকুট লিখে যান। সেখানে তিনি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিজের মানসিক কষ্টের কথা উল্লেখ করেন। পাশাপাশি, তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার অনুরোধও করেন। পরে ঘরের আড়ার সাথে উড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও জব্দ করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি চিরকুটও পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।