বিনাটিকিটে ট্রেনে ভ্রমণের পর সেই যাত্রার ভাড়া পরিশোধ করতে রেলস্টেশনের কাউন্টারে টাকা ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন এক যাত্রী।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে বগুড়ার একটি রেলস্টেশনের কাউন্টারে চিরকুটসহ টাকা রেখে যাওয়ার এ ঘটনা ঘটে।
চিরকুটে তিনি লেখেন, ‘আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।’
এ বিষয়ে কর্তব্যরত সহকারী স্টেশনমাস্টার সাব্বির আহমেদ বলেন, ‘যাত্রীদের এ ধরনের সচেতনতা প্রশংসার দাবিদার। যদিও রেলস্টেশনে এলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসা উচিত। যিনি এভাবে চিরকুট ও টাকা রেখে গেছেন, তিনি পরিচয় জানালে আমরা তাকে ধন্যবাদ জানাতে পারতাম।’
তিনি বলেন, ‘রেলওয়ে যেহেতু সবার জন্য, তাই এর যত্নেও সবার সচেতনভাবে এগিয়ে আসা উচিত।’


