নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা গেছে, রাত ২টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক শফিউল হাসান নৈশপ্রহরীর বরাত দিয়ে জানান, ঘটনার সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পাশের কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন। পেট্রল বোমা নিক্ষেপের পর বিকট শব্দ শুনে তারা দ্রুত বাইরে এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে কেউ হতাহত হননি এবং ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে দুটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।


