গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়ে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তবে যুদ্ধক্ষেত্রের শত্রুর গুলিতে নয়, বরং নিজেদের সেনাবাহিনীর একটি বিস্ফোরকবাহী ড্রোনের আকস্মিক বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আল জাজিরার বরাতে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত দুই রিজার্ভ সেনা সদস্য হলেন—হার হালুতজ এলাকার ২৪ বছর বয়সী স্টাফ সার্জেন্ট নাদাভ কালি এবং জেরুজালেমের ২৩ বছর বয়সী স্টাফ সার্জেন্ট ওফির মোয়ালেম।
ইসরায়েলি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা উপত্যকায় সেনাবাহিনীর নিজস্ব একটি বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে ওই দুই সেনা নিহত হন। প্রথমবার উড্ডয়নের পর ড্রোনটি একটি সামরিক পোস্টের ভেতরে বিধ্বস্ত হয় এবং সেনারা সেটির কাছাকাছি গেলে সেটি আকস্মিক বিস্ফোরিত হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, প্রাথমিক তদন্ত বা ডিবিফ্রিং শেষ না হওয়া পর্যন্ত দেশটির সেনাবাহিনী তাদের সমস্ত ড্রোন অপারেশন বা পরিচালনা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।


