...|...|...

বিশ্ব

জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪৯
Shares
জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি খাতে প্রয়োজনীয় বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির কৃষিতে শ্রমিক সংকটের আশঙ্কার মধ্যে নেওয়া এ উদ্যোগে খামার মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রফতানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব ফসল কাটার কাজ শুরু হওয়ার কথা। এ সময় কৃষি খাতের অনেক খামারই সাময়িক বিদেশি শ্রমিকদের ওপর নির্ভর করে।

তবে অভিবাসন কমানোর সরকারি নীতির কারণে সাম্প্রতিক সময়ে কিছু ভিসার আবেদন প্রক্রিয়ায় দেরি হচ্ছিল। কৃষি খাতের সংগঠনগুলো জানিয়েছিল, আগে কয়েক দিনের মধ্যে সম্পন্ন হওয়া কিছু ভিসা প্রক্রিয়ায় এখন কয়েক মাস পর্যন্ত সময় লাগছে।

নতুন ব্যবস্থায় কৃষি খাতের সংশ্লিষ্ট সংগঠনগুলো জরুরি প্রয়োজনের ভিত্তিতে শ্রমিকদের ভিসা আবেদন অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের কাছে পাঠাতে পারবে। Grain Producers Australia এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে নতুন ব্যবস্থাটি বাস্তবে কতটা কার্যকর হবে এবং কতসংখ্যক আবেদন দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে, তা এখনো স্পষ্ট নয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কৃষি খাতে বিশেষ দক্ষতা থাকা এবং কোনো নিয়োগকর্তার সাথে কাজের চুক্তি করা এমন বিদেশি শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে, যাদের তিন মাসের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রয়োজন।

সরকারের এই উদ্যোগের ফলে ফসল কাটার গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় শ্রমিক পাওয়া সহজ হবে বলে আশা করছে দেশটির কৃষি খাত।

সূত্র: রয়টার্স।