মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে পালকী পরিবহনের একটি বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির একটি চাকা বিকল হয়ে যায়। পরে বাসটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকলে দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে পালকী পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।
খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক করে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাসটি বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

