...|...|...

অর্থনীতি

স্বর্ণের দাম নির্ধারণ হয় যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২১ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৮
Shares
স্বর্ণের দাম নির্ধারণ হয় যেভাবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশে স্বর্ণের দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় পাইকারি বাজার, সরবরাহ ও চাহিদা এবং ডলারের বিনিময়মূল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন ধরে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে আসছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তবে এই দাম নির্ধারণের প্রক্রিয়ার পেছনে রয়েছে পুরান ঢাকার তাঁতীবাজারকেন্দ্রিক পাইকারি বাজারের প্রভাব।

দেশে বাণিজ্যিকভাবে বৈধ পথে স্বর্ণ আমদানি হয় না বললেই চলে। বিদেশফেরত যাত্রীদের মাধ্যমে ব্যাগেজ রুলসে আসা স্বর্ণ এবং পুরনো অলংকার গলিয়ে পাওয়া স্বর্ণের ওপর নির্ভর করে স্থানীয় বাজারের বড় একটি অংশের চাহিদা পূরণ হয়। ফলে দেশে স্বর্ণের সরবরাহ ও দাম নির্ধারণে স্থানীয় বাজারের পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

‘যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০১৬’ অনুযায়ী, একজন যাত্রী বিদেশ থেকে ফেরার সময় শুল্ক দিয়ে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ আনতে পারেন। তবে এই পথে আসা স্বর্ণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা পুরনো অলংকারও পাইকারি বাজারে সরবরাহের অন্যতম উৎস।

যেভাবে নির্ধারিত হয় স্বর্ণের দাম

জুয়েলার্স সমিতি স্বর্ণের দাম নির্ধারণ করলেও এ ক্ষেত্রে প্রাথমিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় পুরান ঢাকার তাঁতীবাজারকেন্দ্রিক পাইকারি বাজারের দর। এই দর নির্ধারণ করে বাংলাদেশ পোদ্দার সমিতি। মূলত ব্যবসায়ী পর্যায়ে স্বর্ণ কেনাবেচার ক্ষেত্রে এ দর অনুসরণ করা হয়।

একাধিক জুয়েলারি ব্যবসায়ীর ভাষ্য, পোদ্দার সমিতি প্রতিদিন স্বর্ণের (পিউর গোল্ড) দাম নির্ধারণ করে। এ ক্ষেত্রে ব্যাগেজ রুলসে আসা স্বর্ণ এবং দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা পুরনো অলংকারের স্বর্ণের সরবরাহ বিবেচনায় নেওয়া হয়। পাশাপাশি পার্শ্ববর্তী ভারতের কলকাতার বাজারদরও পর্যালোচনা করা হয়।

এরপর বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ স্থানীয় পাইকারি বাজারের দর ও আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দাম সমন্বয় করে। আগে পাইকারি বাজারের স্বর্ণের দরের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে হিসাব করে দাম নির্ধারণ করা হলেও বাজারে দামের ওঠানামা বেশি হওয়ায় সেই পদ্ধতি থেকে সরে এসেছে সমিতি।

বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন, ‘আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজারে সোনার সরবরাহ, চাহিদা-জোগান ও পার্শ্ববর্তী দেশের দাম বিবেচনায় নিয়ে প্রতিদিন দাম নির্ধারণ করে থাকি। বাজুসের দামের সঙ্গে আমাদের দামের পার্থক্য দুই থেকে আড়াই হাজার টাকার মতো হয়ে থাকে।’

আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশের বাজারে স্বর্ণের দাম বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিদেশ থেকে ব্যাগেজ রুলসে যারা স্বর্ণ নিয়ে আসেন, তারা মুনাফা করেন। পাইকারি ব্যবসায়ীদেরও মুনাফার বিষয় আছে। এরপর আবার জুয়েলারি ব্যবসায়ীদের মুনাফা যুক্ত হয়। এভাবে কয়েক ধাপে দাম কিছুটা বেড়ে যায়।’

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘আমাদের জুয়েলার্স সমিতির একটি কমিটি রয়েছে, যার নাম-বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং। এই কমিটি প্রতি মুহূর্তে গোল্ডের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে এবং তার সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে দাম নির্ধারণ করে দেয়। দাম নির্ধারণের ক্ষেত্রে এই কমিটি প্রথমেই পোদ্দার সমিতির নির্ধারিত পাইকারি সোনার দর বিবেচনায় নেয়।’

তিনি আরও বলেন, ‘তবে আরেকটি বিষয় মনে রাখতে হবে। সোনার বাজার ডলারের বাজারের উপরও অনেকটা নির্ভর করে। ডলারের দাম বাড়লে, সোনার দাম বাড়ে-এটা সব সময়ই হয়ে আসছে।’

বৈধ পথে স্বর্ণ আমদানি কম কেন

দেশের স্বর্ণ ব্যবসায় স্বচ্ছতা আনতে সরকার স্বর্ণ নীতিমালা প্রণয়ন করে। এরপর বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়। শুরুতে কয়েকটি প্রতিষ্ঠান একাধিক চালানে স্বর্ণ আমদানিও করে। তবে পরবর্তী সময়ে ডলারের সংকট, অনুমতি পেতে দীর্ঘসূত্রতা এবং শুল্ক-করসংক্রান্ত জটিলতার কারণে ব্যবসায়ীরা আমদানিতে আগ্রহ হারান।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক খান দোলন বলেন, বিদ্যমান নীতিমালা অনুযায়ী একজন ব্যবসায়ী চাইলে যেকোনো পরিমাণ স্বর্ণ বৈধ পথে আমদানি করতে পারেন। তবে এর জন্য পূর্বানুমোদন, অনাপত্তিপত্রসহ (এনওসি) বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হয়। প্রক্রিয়াটি জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় বৈধ পথে স্বর্ণ আমদানি প্রায় বন্ধ।

তিনি বলেন, ‘সোনা আমদানি খুবই জটিল একটি প্রক্রিয়া। একটি আমদানি সম্পন্ন হতে দেড় থেকে পৌনে দুই মাস সময় লাগে। অথচ ভারতে সাত দিনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। এই দীর্ঘ সময় মোটা অংকের টাকা আটকে থাকে। সে কারণে যারা আমদানি করতে যান, তাদের অনেক ক্ষতি হয়। এছাড়া শুল্কের হারও বেশি; প্রতি ভরিতে দুই হাজার টাকা দিতে হয়।’

দোলন আরও বলেন, ‘সব মিলিয়ে আমদানি করা সোনার যে দাম দাঁড়ায়, তা বাজারের দামের চেয়ে অনেক বেশি পড়ে। সে কারণেই এখন আর কেউ আমদানি করে না। আমদানি প্রক্রিয়া সহজ করতে আমরা সরকারকে বলেছি। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। তারা ইতিবাচক সাড়া দিয়েছে। দেখা যাক কী হয়।’

এভাবে স্বর্ণের দাম নির্ধারণ কতটা যৌক্তিক

বিশ্বের বিভিন্ন দেশে স্বর্ণসহ বিভিন্ন পণ্যের কেনাবেচার জন্য কমোডিটি এক্সচেঞ্জ রয়েছে। এ ব্যবস্থায় শেয়ারবাজারের মতো পণ্য কেনাবেচা হয়। পণ্য সরাসরি হাতে না নিয়ে কাগুজে বা ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন করা হয়। মূল পণ্য নির্দিষ্ট গুদাম বা স্থানে সংরক্ষিত থাকে এবং নির্ধারিত সময়ে তা হস্তান্তর বা নিষ্পত্তি করা হয়।

বাংলাদেশে এ ধরনের কমোডিটি এক্সচেঞ্জ নেই। জুয়েলারি ব্যবসায়ীদের একটি অংশের মতে, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় স্বর্ণ কেনাবেচার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা চালু হলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনা সম্ভব হবে। এতে ক্রেতারাও তুলনামূলক কম দামে স্বর্ণ কেনার সুযোগ পেতে পারেন।

স্বর্ণের দামের ওঠানামা প্রসঙ্গে দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘দেশের সোনার বাজার আসলে পুরোপুরিই বিশ্ববাজারের উপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে, তার সঙ্গে সমন্বয় করে আমরা দাম ঠিক করি। আবার কমলে, কমাই।’

বিশ্ব পরিস্থিতির প্রভাব তুলে ধরে তিনি বলেন, অতীতে যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতার সময় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরাক ও লিবিয়ার যুদ্ধ এবং চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধের সময়ও স্বর্ণের দাম বেড়েছিল। করোনাভাইরাস মহামারির সময়েও বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার কারণে স্বর্ণের দাম বেড়েছিল বলে তিনি উল্লেখ করেন।

দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণের বর্তমান পদ্ধতিকে যৌক্তিক বলে মনে করেন দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। তার মতে, দেশের অভ্যন্তরে প্রাতিষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাজারদরে স্বর্ণ কেনার সুযোগ না থাকলে জুয়েলারি ব্যবসায়ীদের পক্ষেও সেই দামে স্বর্ণ বিক্রি করা সম্ভব নয়।

তিনি বলেন, পুরনো স্বর্ণের অলংকার পরিবর্তন করে নতুন অলংকার কেনার ক্ষেত্রে নির্দিষ্ট হারে মজুরি বা চার্জ দিতে হয়। আবার পুরনো স্বর্ণ বিক্রি করতে গেলে নির্ধারিত হারে অর্থ কেটে রাখা হয়। ফলে স্বর্ণের বাজারদর ছাড়াও অলংকার কেনাবেচার ক্ষেত্রে এসব খরচ ও কর্তনের বিষয়ও ক্রেতাদের বিবেচনায় নিতে হয়।