...|...|...

বিশ্ব

এনভিডিয়া-চীন বিতর্কে চাপে মার্কিন বাণিজ্যমন্ত্রী, পদ হারানোর শঙ্কা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১০ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:১৫
Shares
এনভিডিয়া-চীন বিতর্কে চাপে মার্কিন বাণিজ্যমন্ত্রী, পদ হারানোর শঙ্কা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে পদ থেকে সরানোর বিষয়ে হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এআই চিপ প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হওয়া গুপ্তচরবৃত্তির অভিযোগের প্রেক্ষাপটে এ আলোচনা শুরু হয়েছে।

এনভিডিয়ার নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লের পরকীয়া সম্পর্কের খবর প্রকাশের পর থেকেই মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনার মুখে রয়েছেন লুটনিক। অনেক আইনপ্রণেতার অভিযোগ, ট্রাম্প প্রশাসন চীনের কয়েকটি কোম্পানিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কালো তালিকায় অন্তর্ভুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। এ ছাড়া চীনে এনভিডিয়ার পণ্য রপ্তানির ওপর সরকার যথাযথ নজরদারি করছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

মার্কিন আইনপ্রণেতাদের অভিযোগ, চীনে এআই চিপ রপ্তানি বন্ধে যথেষ্ট পদক্ষেপ নেননি লুটনিক।

লুটনিকের ভবিষ্যৎ নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের আলোচনার বিষয়ে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউস ও বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বৃহস্পতিবার দিনের শুরুতে হোয়াইট হাউসের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, বাণিজ্যমন্ত্রী এবং দায়িত্ব পালনের সক্ষমতার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে।

এদিকে বৃহস্পতিবার সিএনএনের একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সিনেটের রিপাবলিকান সদস্য জন কেনেডিকে প্রশ্ন করা হয়, হাওয়ার্ড লুটনিককে মন্ত্রিসভা থেকে অপসারণ করা উচিত কি না। জবাবে তিনি বলেন, ‘আমি এখনও জানি না।’

তবে সিএনএনকে কেনেডি জানান, তিনি এবং আরও কয়েকজন আইনপ্রণেতা এ বিষয়ে লুটনিককে দ্রুত জনসমক্ষে জিজ্ঞাসাবাদ করতে চান।

তিনি বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার একটি পরিকল্পনা কংগ্রেসের আছে। এটি অত্যন্ত গুরুতর বিষয়।’

২০২৫ সালের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র নতুন কোনো চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেনি। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি এমন দীর্ঘ বিরতি। রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কায় মার্কিন বাণিজ্য বিভাগ নতুন কোনো চীনা কোম্পানিকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করেনি।

ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, ‘বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে কেন তারা রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকরগুলো বন্ধ করেননি। আমাদের উন্নত প্রযুক্তি যেন চীনের সামরিক বাহিনীকে শক্তিশালী না করে, তা নিশ্চিত করতে তাদের আজই পদক্ষেপ নিতে হবে।’

সূত্রের বরাতে জানা গেছে, সিনেটের ব্যাংকিং কমিটির সভাপতি এলিজাবেথ ওয়ারেন এবং পররাষ্ট্রবিষয়ক কমিটির পরবর্তী চেয়ারম্যান, ডেলাওয়্যার থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস সম্প্রতি যৌথভাবে লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি লিখেছেন।

চিঠিতে তারা এনভিডিয়ার চীনে উন্নত এআই চিপ রপ্তানি এবং এ-সংক্রান্ত জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে প্রশাসনের কাছে থাকা সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

সূত্র: রয়টার্স