ইয়েমেনে সরকারের পক্ষে লড়াই করা ৬০০ সেনাকে মুক্তি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুথি। রবিবার (১৫ নভেম্বর) তাদের মুক্তি দেওয়া হয়। গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর থেকে আটক থাকা এসব সেনাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইয়েমেনের রাজধানী সানায় বন্দিবিষয়ক কমিশনের চেয়ারম্যান আবদেলকাদের আল-মুরতাদা এ ঘটনাকে সংঘাতের ইতিহাসে সবচেয়ে বড় একতরফা বন্দি মুক্তি ও ক্ষমা প্রদর্শনের অভিযান বলে উল্লেখ করেছেন।
আইসিআরসির এক বিবৃতিতে বলা হয়, সানার কর্তৃপক্ষ সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট ৬০০ জনকে একতরফাভাবে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত প্রত্যেক বন্দির সঙ্গে কথা বলেছেন সংস্থাটির প্রতিনিধিরা। বিশেষ করে তাদের শারীরিক অবস্থা যাচাই করা হয়েছে।
আল-মুরতাদা এ উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জানান, এর আগে আরও ২ হাজার ৬১২ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। তবে সংঘাত শুরুর পর বিরোধী পক্ষ একই ধরনের উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ জন্য ইয়েমেন সরকারের সমর্থক সৌদি আরবকে দায়ী করেছেন হুথি কর্মকর্তা। তার অভিযোগ, বন্দি বিনিময় নিয়ে অগ্রগতি ঠেকাতে সৌদি আরব বিরোধী পক্ষ ও জাতিসংঘকে নির্দেশনা দিয়েছে।
২০১৪ সালে ইরান-সমর্থিত হুথিদের সরকারবিরোধী অভিযান শুরুর মধ্য দিয়ে ইয়েমেনের সংঘাতের সূচনা হয়। ওই সময় দেশটির রাজধানী সানাসহ বিস্তীর্ণ এলাকা দখলে নেয় গোষ্ঠীটি।
২০২২ সাল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চলতি বছরের জুলাইয়ে ভেঙে যায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এরপর থেকে সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং তিন লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


