...|...|...

বিশ্ব

ইরানের হামলা ও শেয়ারবাজারে ধসের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২২
Shares
ইরানের হামলা ও শেয়ারবাজারে ধসের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন এবং ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ার জন্য দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন বলেও দাবি করেছেন তিনি।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রবিবার (২২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি দুটি ভবিষ্যদ্বাণী করেছিলেন। প্রথমটি ছিল, ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটবে। দ্বিতীয়টি ছিল, ইরান আরও আগ্রাসী হয়ে হামলা বাড়াবে। ট্রাম্পের দাবি, তার দুটি আশঙ্কাই বাস্তবে পরিণত হয়েছে।

ইরানের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, গত এক সপ্তাহে দেশটি যত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, গত এক বছরের বেশি সময়ের মধ্যে এত হামলা আর চালানো হয়নি। তবে এসব হামলা প্রতিহত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেন তিনি।

ডেমোক্র্যাটদের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর এবং দেশের জন্য ধ্বংসাত্মক বলে মনে করেন। তবে এমন পরিস্থিতি চলতে দেবেন না বলে জানান তিনি।

জ্বালানি তেলের দাম নিয়েও ডেমোক্র্যাট ও ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলেন ট্রাম্প। তাঁর দাবি, নির্বাচনের আগে তেলের দাম যতটা সম্ভব বেশি রাখতে উভয় পক্ষই মরিয়া চেষ্টা চালিয়েছিল। তবে নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণ কমে এসেছে।

নির্বাচনের ফলাফল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। ভোটাররা তাঁর সতর্কবার্তা আগে বুঝতে পারেননি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পুরো নির্বাচনকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।