...|...|...

বিশ্ব

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, রাত ২:২৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৫৩
Shares
ইরানে আবারও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

ছবি: সংগৃহীত

সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের পরপরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার জেরে ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যার কড়া জবাব দিয়েছে ইরানও।

শনিবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

গত বৃহস্পতিবার (২৫ জুন) হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরভিত্তিক বাণিজ্যিক জাহাজ ‘এভার লাভলি’-তে ড্রোন হামলার পর এই সংঘাতের সূত্রপাত হয়। যদিও তেহরান সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি, তবে নিজেদের অনুমতি ছাড়া ওই নৌপথ ব্যবহার না করার জন্য তারা আগে থেকেই সতর্ক করে আসছিল।

এই ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতকেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে ব্যাপক হামলা চালায়। সেন্টকমের দাবি, ইরানের এমন আচরণ আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে চুক্তির 'স্পষ্ট লঙ্ঘন' বলে হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে, মার্কিন হামলার পরপরই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হেনেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, পুনরায় কোনো হামলা হলে তার জবাব হবে আরও ভয়াবহ।

দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি কার্যকর থাকা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। চুক্তিটিতে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা এবং অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের শর্ত যুক্ত করা হয়েছিল। কিন্তু বর্তমানে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। এই উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধারে জাতিসংঘের মিশন স্থগিত করতে বাধ্য হয়েছে সংস্থাটি।

এর আগে যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি, সার ও অন্যান্য পণ্যের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল, বর্তমান সংঘাতময় পরিস্থিতি সেই পুরোনো অর্থনৈতিক শঙ্কাকেই ফের জাগিয়ে তুলেছে।

এদিকে, চরম উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তার স্বার্থে ওমান একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে। বিশ্ব অর্থনীতিতে এই নৌপথের গুরুত্ব বিবেচনা করে ওমান সালতানাত এই উদ্যোগ নিয়েছে। ওমান নিউজ এজেন্সির তথ্যমতে, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সাথে সমন্বয় করে সম্পূর্ণ বিনা ফিতে এই করিডোরটি চালু করা হয়েছে। নৌ-চলাচল স্বাভাবিক রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে চালু করা এই রুট ব্যবহারকারী জাহাজগুলোকে আইএমও এবং সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের সাথে যথাযথ সমন্বয় করে চলাচল করতে হবে।