...|...|...

জাতীয়

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের তীব্র নিন্দা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৯
Shares
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের তীব্র নিন্দা

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সরকারের এ অবস্থান তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হেনস্তার ঘটনায় সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এর তীব্র নিন্দা জানাচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত একটি অপরাধী চক্র বিদেশের মাটিতে এ ঘটনা ঘটিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে নিউইয়র্কে বাংলাদেশের মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ঘটনা বাংলাদেশ ও দেশের নাগরিকদের আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছে সরকার।