...|...|...

বিশ্ব

ইরান যুদ্ধের পর প্রথমবার বেড়েছে মধ্যপ্রাচ্যের তেল রফতানি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৩
Shares
ইরান যুদ্ধের পর প্রথমবার বেড়েছে মধ্যপ্রাচ্যের তেল রফতানি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরুর পর এই প্রথম মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর অপরিশোধিত তেল রফতানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের জাহাজে তেল পাঠানো বাড়িয়ে দেওয়ায় সেপ্টেম্বরে এই রফতানি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘কেপলার’-এর ডেটা বা তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল রপ্তানি বেড়ে প্রতিদিন ১ কোটি ২৮ লাখ ব্যারেল-এ দাঁড়িয়েছে। তবে যুদ্ধ শুরু হওয়ার আগের অর্থাৎ গত ফেব্রুয়ারির প্রতিদিনের ১ কোটি ৮৮ লাখ ব্যারেলের তুলনায় এই পরিমাণ এখনও বেশ কম।

মূলত হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ায় এই রফতানি পুনরুদ্ধার সম্ভব হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে হরমুজ রুট দিয়ে প্রতিদিন প্রায় ৭৪ লাখ ব্যারেল তেল রফতানি হওয়ার কথা রয়েছে।

পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলার পর সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে তাদের তেল রফতানি অন্যদিকে সরিয়ে নিয়েছিল। কেপলারের তথ্য অনুযায়ী, সৌদি আরব চলতি মাসে প্রতিদিন প্রায় ৫৪ লাখ ব্যারেল তেল রফতানির পথে রয়েছে, যা গত আগস্টে মাত্র ২৪ লাখ ৪৬ হাজার ব্যারেলে নেমে এসেছিল।