যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন সামরিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে আবারও বৃদ্ধি পেয়েছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার আন্তর্জাতিক বাজারে এই দাম বাড়তে দেখা যায়। ইরানের ওপর যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের নৌ অবরোধ বজায় রাখার হুমকি দেওয়ায় জ্বালানি তেল সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ৮৭.১৬ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮১.২৯ ডলারে। এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) চাহিদা কমার আশঙ্কায় উভয় বেঞ্চমার্কের দাম ২ শতাংশের বেশি কমেছিল। তবে তা সত্ত্বেও টানা কয়েক সেশনের ধারাবাহিক বৃদ্ধিতে চলতি সপ্তাহে দুই ধরনের তেলের দামই প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, বর্তমান জ্বালানি বাজারে দুটি বিপরীতমুখী শক্তি একসাথে কাজ করছে। একদিকে সরবরাহ নিয়ে উদ্বেগ দামকে সমর্থন জোগাচ্ছে, অন্যদিকে দুর্বল চাহিদার পূর্বাভাস দামকে অতিরিক্ত বাড়াতে বাধা দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর অনির্দিষ্টকালের নৌ অবরোধের হুমকির পাশাপাশি হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান হোসেইন তাইয়েব জানিয়েছেন, হরমুজ প্রণালি বর্তমানে তাদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) দুটি জাহাজে হামলার ঘটনা ঘটে।
সংযুক্ত আরব আমিরাত সরকার এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে, যা সরবরাহ নিয়ে উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথে দীর্ঘস্থায়ী সংঘাত তৈরি হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
তবে এর বিপরীতে তেলের চাহিদা নিয়ে আন্তর্জাতিক পূর্বাভাস কিছুটা দুর্বল হয়েছে। চলতি সপ্তাহে ওপেক এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বিশ্বজুড়ে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমিয়ে এনেছে। পাশাপাশি, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত সাড়ে তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধির রেকর্ড গড়েছে, যা তেলের বাজারে অতিরিক্ত দাম বাড়ার ওপর একধরনের চাপ সৃষ্টি করছে।



