...|...|...

সারাদেশ

আজ টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সকাল ৭:৩৬
Shares
আজ টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ধামরাই জোনাল অফিসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধামরাইয়ের ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি লাইন এবং ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বর ফিডারের আওতাধীন সব এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধের আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, খাতরা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমড়াইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ ছাড়া আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটায়ও এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে একমি ল্যাবরেটরিজ, মুন্নু সিরামিক্স, ফ্রেম হাউস ফুটওয়্যার, বাটা সু কোং, কে অ্যান্ড কিউ ফিলিং স্টেশন, এনএন সিএনজি, অতসী ফ্যাশন ও কিষান গ্রুপ এ বিভ্রাটের আওতায় থাকবে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক লিপিয়া খাতুন জানান, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা দিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার ৩৩ কেভি লাইনের তার উন্নয়নসহ কয়েকটি জরুরি মেরামতের কাজ করা হবে।

তিনি বলেন, কাজ চলাকালে গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।