প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই জেলার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গফফারের চায়ের দোকানে চা পান করতে যান তরিকুল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই মুখোশধারী ব্যক্তি দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান টাইমস টুডেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
প্রধানমন্ত্রীর প্রকাশিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে খুলনার উদ্দেশে রওনা হন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা মহানগরীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এর মধ্যেই সফরের দিন দুপুরে ডুমুরিয়ায় চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।


