...|...|...

সারাদেশ

নির্জন স্থানে স্কুলছাত্রীর লাশ, পাশেই ফাইল ও কাগজপত্র

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৮
Shares
নির্জন স্থানে স্কুলছাত্রীর লাশ, পাশেই ফাইল ও কাগজপত্র

নিহত স্কুলছাত্রী। ছবি: টাইমস টুডে

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাড়ির দক্ষিণ পাশে পানক্ষেতসংলগ্ন নির্জন স্থানে তার লাশ দেখতে পান স্বজনরা। জুতার সূত্র ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে লাশটির সন্ধান মেলে।

নিহত ছাত্রী মির্জাগঞ্জ উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই ছাত্রী। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার জুতার সূত্র ধরে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে পানক্ষেতসংলগ্ন নির্জন স্থানে ওই ছাত্রীর লাশ দেখতে পান তারা। এ সময় লাশের পাশে তার প্রবেশপত্রসহ বিভিন্ন শিক্ষাগত কাগজপত্র ও একটি ফাইল পড়ে থাকতে দেখা যায়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, দুই দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির পাশ থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।