শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা এবং দলের নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুলে চট্টগ্রামে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এনসিপির চট্টগ্রাম শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে নগরীর আগ্রাবাদ মোড় থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি চৌমুহনী মোড়ে গিয়ে শেষ হলে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগান দেন।
চট্টগ্রাম মহানগর যুবশক্তির আহ্বায়ক বখতিয়ার হোসেনের সভাপতিত্বে এবং মহানগর এনসিপির সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক লু দেৎফর রহমান রোহানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, যুগ্ম সদস্যসচিব ইকবাল মাসুদ, সাদিয়া আফরিন ও সরওয়ার কামালসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় তেল-গ্যাসের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন করতে গিয়ে শ্রমিকদের হত্যার শিকার হতে হচ্ছে। এ সময় তারা শ্রমিক হত্যা ও হামলার বিচার এবং তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।
এনসিপি নেতা এ কে এম জিয়াউদ্দিন রনির বিরুদ্ধে আনা অভিযোগের সমালোচনা করে বক্তারা দাবি করেন, যেদিন ওয়াসিম আহত হন, সেদিন জিয়া রনি বাংলাদেশে ছিলেন না।
মশাল মিছিলে এনসিপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।

