সিলেটের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ঐতিহাসিক মানতের ডেগ ফের জনসমক্ষে খোলা হচ্ছে। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে পঞ্চমবারের মতো এই অর্থ গণনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির উপস্থিতিতে প্রকাশ্যে এ অর্থ গণনা শুরু হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে মাজারের টাকা গণনা শুরু হবে। গণনা তদারকিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মাজার সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এর আগে চার দফায় দানবাক্স ও মানতের ডেগ খুলে সর্বমোট ২ কোটি ২৯ লাখ ৫৭ হাজার টাকারও বেশি নগদ অর্থ সংগৃহীত হয়েছে।
হিসাব অনুযায়ী- প্রথম দফায় নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার চেক যুক্ত হয়ে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।
দ্বিতীয় দফায় দানবাক্স খুলে পাওয়া যায় নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। তৃতীয়বারে পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এই তিন দফায় প্রাপ্ত মোট নগদ অর্থ ছিল ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা। সর্বশেষ (১৯ সেপ্টেম্বর ) চতুর্থ গণনায় রেকর্ড ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া যায়।
প্রতিটি গণনায় নগদ টাকার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ সোনা-রুপার অলঙ্কার এবং বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গিয়েছিল।
চার দফায় সংগৃহীত যাবতীয় অর্থ জেলা প্রশাসনের বিশেষ তদারকিতে সোনালী ব্যাংকে খোলা মাজারের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হয়েছে।
উল্লেখ্য, মাজার পরিচালনা কমিটির সাম্প্রতিক সিদ্ধান্ত অনুসারে এখন থেকে দানের মোট অর্থের ৩৫ শতাংশ মাজারের স্থায়ী উন্নয়ন তহবিলের ব্যাংক হিসাবে জমা রাখা হবে। আর অবশিষ্ট ৬৫ শতাংশ অর্থ মাজারের অভ্যন্তরীণ পরিচালনা, খাদেম ও কর্মচারীদের বেতন-ভাতা এবং দৈনন্দিন আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য ব্যবহার করা হবে।


