...|...|...

খেলা

অস্ট্রেলিয়ার কাছে ব্যর্থতার কারণ জানালেন জ্যোতি, পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সকাল ১০:১১
Shares
অস্ট্রেলিয়ার কাছে ব্যর্থতার কারণ জানালেন জ্যোতি, পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত

প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নেমে শুরুতেই বড় হারের মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছে তারা। এই হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার মতে, চাপের মুহূর্তে ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব।

প্রথম ওয়ানডেতে হারের পর পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিয়ে জ্যোতি বলেন, ‘ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। খেলতে হবে ধৈর্য ধরে। পরের ম্যাচে কীভাবে এগুলো বাস্তবায়ন করা যায়, সেই চিন্তা করছি।’

বাংলাদেশ নারী দলের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারালে পরবর্তী ব্যাটারদের জন্য পরিকল্পনা অনুযায়ী খেলা কঠিন হয়ে পড়ে। এ সমস্যার কথা তুলে ধরে জ্যোতি বলেন, ‘নতুন বলে ব্যাটিং করতে আমাদের সতর্ক হতে হবে। পাওয়ার প্লেতে এতগুলো উইকেট হারানো যাবে না। জুটি গড়তে পারিনি। তাই আমরা পথ হারিয়ে ফেলেছি।’

প্রথম ম্যাচে হারলেও দলের কিছু পারফরম্যান্সে ইতিবাচক দিক দেখছেন বাংলাদেশ অধিনায়ক। অভিষিক্ত হাবিবা পিংকির আক্রমণাত্মক ব্যাটিং এবং বোলারদের নির্দিষ্ট জায়গায় বল করার প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

জ্যোতি বলেন, ‘অনেক ইতিবাচক দিকও ছিল। (অভিষিক্ত) হাবিবা পিংকি আক্রমণাত্মক ছিল। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছে। যে-ই বোলিং করেছে, সঠিক জায়গায় বোলিং করেছে। পরের ম্যাচেও এই ইতিবাচক দিকগুলো ধরে রাখতে হবে।’

প্রথম ম্যাচের ভুল শুধরে ব্যাটিংয়ে দায়িত্বশীলতা, উইকেটে জুটি গড়া এবং বোলিংয়ের ইতিবাচক দিকগুলো ধরে রাখাই এখন বাংলাদেশের লক্ষ্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে এসব পরিকল্পনা কতটা কাজে লাগাতে পারে জ্যোতির দল, সেটিই দেখার বিষয়।