চোখে আলো নেই, তবু থেমে নেই জীবন। অন্ধকারে ডুবে থাকা দুটি চোখও হার মানাতে পারেনি জীবনের কঠিন বাস্তবতাকে। মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দিতে গত অর্ধশতাব্দী ধরে প্রতিদিন একই পথে হেঁটে কাজে যান চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের ৫৬ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমান (মুখলেস)। তার এই সংগ্রামের গল্প আজও বিস্মিত করে স্থানীয়দের।
জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন মুখলেস। মাত্র ছয় বছর বয়সে পরিবারের অভাব-অনটন তাকে কাজের সন্ধানে নামতে বাধ্য করে। সেই থেকে প্রতিদিন নিজ বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে কলেজ মোড়, কাঠকাটা ও কলাতলা মিল এলাকায় যান।
দীর্ঘ ৫০ বছরে তিনি কখনো পথ হারাননি। নতুন কোনো রাস্তা তিনি চেনেন না, প্রয়োজনও মনে করেন না। স্মৃতিশক্তি, অভ্যাস এবং পথের প্রতিটি বাঁক যেন তার মনের চোখে আঁকা।
কর্মস্থলে গিয়ে তিনি গাছের ছাল ইট দিয়ে পিটিয়ে ও থেঁতলে আলাদা করার কঠিন শ্রমের কাজ করেন। সারাদিনের পরিশ্রম শেষে সেই ছাল বা কাঠ বস্তায় ভরে মাথায় করে বাড়ি ফিরিয়ে আনেন। এরপর বৃদ্ধা মা রুলি বেগম সেগুলো বাজারে বিক্রি করেন। এই সামান্য আয়েই চলে মা-ছেলের সংসার।
মুখলেসের পরিবারের গল্পও বেদনাময়। তেলিপাড়া গ্রামের মৃত মুরশেদ আলীর স্ত্রী রুলি বেগম চার সন্তানের জননী। চার সন্তানের মধ্যে এক ছেলে ও এক মেয়ে স্বাভাবিক হলেও বাকি দুই ছেলে জন্ম থেকেই প্রতিবন্ধী। বড় ছেলে জেম কিছুদিন আগে মারা গেছেন। ছোট ছেলে সোহেল রানা অভাবের কারণে আলাদা বসবাস করেন। ফলে ৭০ বছর বয়সী রুলি বেগমের একমাত্র অবলম্বন এখন দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে মুখলেস।
স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান বলেন, মুখলেসকে প্রতিদিন একাই একই পথে চলতে দেখা যায়। চোখে দেখতে না পেলেও পথের প্রতিটি ইঞ্চি যেন তার হৃদয়ে গাঁথা। প্রতিকূলতার কাছে হার না মানা এই মানুষটি অনেক সুস্থ-সবল মানুষের জন্যও অনুপ্রেরণা।
মুখলেসের মা রুলি বেগম বলেন, আমার ছেলে চোখে দেখতে পায় না। তবুও আমার জন্য প্রতিদিন কাজ করে। তার কষ্টের টাকাতেই আমাদের সংসার চলে। বয়স হয়েছে, এখন আর আগের মতো পারি না। যদি সরকার বা কোনো সহৃদয় মানুষ পাশে দাঁড়াত, তাহলে অনেক উপকার হতো।
ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেন বলেন, মুখলেসের বিষয়টি আমাদের নজরে এসেছে। সরকারি যেসব সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলোর আওতায় তাকে সহযোগিতা করার চেষ্টা করা হবে।

