...|...|...

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মোবাইল-পাথরবোঝাই ট্রাকসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১১ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১২
Shares
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মোবাইল-পাথরবোঝাই ট্রাকসহ আটক ১

ছবি: টাইমস টুডে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পাথরবোঝাই ভারতীয় একটি ট্রাক থেকে ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোন, পাথর ও ট্রাকের মোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।

রবিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার পাকা সড়কে অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে ওই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাকে তল্লাশি চালিয়ে পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬টি ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সাথে ৪০ টন পাথরবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়।

আটক ট্রাকচালকের নাম জসিম শেখ (২৭)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে। জব্দ করা ট্রাকটির নম্বর WB-73-G-4001।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মোবাইল ফোন, পাথর ও ট্রাকের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা। আটক ব্যক্তি এবং জব্দ করা পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সুরক্ষিত রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।