...|...|...

বিশ্ব

মার্চের মধ্যে ইরানে চালু হচ্ছে আরও ১২ পরমাণু কেন্দ্র

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫৪
Shares
মার্চের মধ্যে ইরানে চালু হচ্ছে আরও ১২ পরমাণু কেন্দ্র

ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

কৃষি ও খাদ্য খাতে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ইরান। আগামী বছরের মার্চের মধ্যে দেশটিতে আরও ১২টি পরমাণু  কেন্দ্র চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পরমাণু বিকিরণের মাধ্যমে খাদ্যপণ্যের নিরাপত্তা ও গুণগত মান উন্নয়নের পাশাপাশি কৃষিপণ্য রফতানি বাড়াতে চায় তেহরান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গিলান প্রদেশের রাশত শহরে একটি বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান ইরানের পরমাণু শক্তি সংস্থার উপপ্রধান হোসেইন সাদেঘি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাদেঘি জানান, ইরানি বছরের শেষ নাগাদ অর্থাৎ ২০২৭ সালের মার্চের মধ্যে নতুন ১২টি বিকিরণ কেন্দ্র চালু করা হবে। এসব কেন্দ্রে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করা হবে। পাশাপাশি খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রফতানির সক্ষমতা বাড়ানোর কাজও করা হবে।

কৃষিক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রতিবছর এসব পোকামাকড়ের আক্রমণে বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়। পারমাণবিক বিজ্ঞানের প্রয়োগের মাধ্যমে এ ক্ষতি কমানো সম্ভব।

এ ছাড়া উদ্ভিদের বিভিন্ন রোগ দ্রুত শনাক্ত করার ক্ষেত্রেও পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করা যায় বলে জানিয়েছে সংস্থাটি।

ইরানের পরিকল্পনা বাস্তবায়িত হলে কৃষিপণ্যের উৎপাদন ও গুণগতমান উন্নয়নের পাশাপাশি খাদ্য নিরাপত্তা জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একইসাথে আন্তর্জাতিক বাজারে দেশটির কৃষিপণ্যের রফতানি সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।