নতুন বছরে দেশের সব তফসিলি ব্যাংকে সাপ্তাহিক ছুটির বাইরে বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় উৎসব ও অন্যান্য উপলক্ষে মোট ৩১ দিন ছুটি থাকবে।
রবিবার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের স্বাক্ষরে ২০২৭ সালে ব্যাংকে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকা অনুযায়ী, ২০২৭ সালের ২৪ জানুয়ারি শবে বরাত উপলক্ষে ব্যাংকে একদিন ছুটি থাকবে। পাশাপাশি ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা, ৭ মার্চ শবে কদর উপলক্ষে একদিন করে ছুটি থাকবে। এ ছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৭ সালের ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা ৫ দিন ছুটি পাবেন ব্যাংকাররা।
এদিকে ২০২৭ সালের ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একদিন ব্যাংকে ছুটি থাকবে। পাশাপাশি ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মহান মে দিবস উপলক্ষে একদিন করে ব্যাংক বন্ধ থাকবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৭ সালের ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ৬ দিন ব্যাংকে ছুটি থাকবে। পাশাপাশি এই সময়ের মধ্যে ২০ মে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার ছুটি পালিত হবে। পরবর্তীতে ১৬ জুন আশুরা, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে একদিন করে এবং ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ব্যাংকে দু’দিনের ছুটি থাকবে।
এ ছাড়াও বছরের শেষদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর এবং বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ব্যাংক। আর ২০২৭ সালের প্রথম ব্যাংক হলিডে নির্ধারণ করা হয়েছে ১ জুলাই এবং দ্বিতীয় ব্যাংক হলিডে থাকবে ৩১ ডিসেম্বর।


