...|...|...

অর্থনীতি

পুরোনো স্বর্ণ বিক্রি ও বদলে বাড়ল ক্রেতাদের লাভ

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:০১
Shares
পুরোনো স্বর্ণ বিক্রি ও বদলে বাড়ল ক্রেতাদের লাভ

ছবি: সংগৃহীত

পুরোনো স্বর্ণালঙ্কার বিক্রি কিংবা বদলে নতুন গহনা কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য ছাড়ের পরিমাণ কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নিয়মে পুরোনো স্বর্ণালঙ্কার বদলের ক্ষেত্রে ১২ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ বাদ দেওয়া হবে। গত ২২ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে পুরোনো স্বর্ণের বিনিময়ে আগের তুলনায় বেশি অর্থ পাচ্ছেন ক্রেতারা।

বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। স্বর্ণের দামে ওঠানামার মধ্যে বাজুসের এ সিদ্ধান্ত পুরোনো গহনা বিক্রি ও পরিবর্তনের ক্ষেত্রে ক্রেতাদের জন্য বাড়তি সুবিধা তৈরি করেছে।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, গহনার নকশা ও ধরন অনুসারে মজুরি নির্ধারিত হবে। তবে স্বর্ণ ও রৌপ্যলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। পুরোনো স্বর্ণালঙ্কার বদল কিংবা সরাসরি কেনার ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অবশিষ্ট স্বর্ণের মূল্যের ওপর নির্ধারিত হারে টাকা কেটে রাখতে হবে। এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ যাবে। এ দুই ধরনের লেনদেনেও আলাদাভাবে ভ্যাট কাটার সুযোগ নেই।

বিষয়টি একটি উদাহরণ দিয়ে বোঝা যায়। কোনো ক্রেতার পুরোনো গহনার মজুরি ও পাথরের দাম বাদ দেওয়ার পর স্বর্ণের মূল্য যদি ১ লাখ টাকা হয়, তাহলে আগের নিয়মে এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ বা ১২ হাজার টাকা বাদ দিয়ে তাকে ৮৮ হাজার টাকা দেওয়া হতো। নতুন নিয়মে ৯ শতাংশ বা ৯ হাজার টাকা বাদ দেওয়ায় ক্রেতা পাবেন ৯১ হাজার টাকা। অর্থাৎ একই পরিমাণ স্বর্ণের বিনিময়ে ৩ হাজার টাকা বেশি পাওয়া যাবে।

পুরোনো স্বর্ণালঙ্কার এক্সচেঞ্জ করা এক ক্রেতা জানান, আগে পুরোনো গহনা নিয়ে দোকানে গেলে প্রত্যাশার তুলনায় কম দাম পাওয়া যেত। নতুন নিয়মে কিছুটা বেশি অর্থ পাওয়া যাচ্ছে। কয়েক হাজার টাকা বেশি পাওয়াও পারিবারিক খরচের ক্ষেত্রে কাজে আসে।

অন্যদিকে, পুরোনো স্বর্ণ সরাসরি জুয়েলারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির ক্ষেত্রেও ছাড়ের হার কমানো হয়েছে। আগে মজুরি ও পাথরের দাম বাদ দেওয়ার পর স্বর্ণের মূল্যের ওপর ১৮ শতাংশ কেটে রাখা হতো। এখন তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

যেমন, কোনো পুরোনো গহনার স্বর্ণের মূল্য ১ লাখ টাকা হলে আগের নিয়মে ১৮ হাজার টাকা বাদ দিয়ে ক্রেতাকে দেওয়া হতো ৮২ হাজার টাকা। নতুন নিয়মে ১৫ হাজার টাকা বাদ দেওয়ায় তিনি পাবেন ৮৫ হাজার টাকা। অর্থাৎ সরাসরি বিক্রির ক্ষেত্রেও একই পরিমাণ স্বর্ণের বিপরীতে ৩ হাজার টাকা বেশি পাবেন ক্রেতা।

পারিবারিক প্রয়োজনে পুরোনো স্বর্ণ বিক্রি করা আরেক ক্রেতা বলেন, আগে ১৮ শতাংশ বাদ দেওয়ায় বিক্রির পর হাতে তুলনামূলক কম টাকা থাকত। নতুন নিয়মে ১৫ শতাংশ বাদ দেওয়ায় আগের চেয়ে বেশি অর্থ পাওয়া যাচ্ছে।

মিম জুয়েলারির সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজুসের নতুন সিদ্ধান্তে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের জন্য ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। আগে পুরোনো গহনা বিক্রি করতে এসে অনেক ক্রেতাকে প্রত্যাশার চেয়ে কম অর্থ নিতে হতো। এখন তারা তুলনামূলক বেশি মূল্য পাবেন। এতে পুরোনো স্বর্ণ কেনাবেচা ও নতুন গহনা বিক্রির পরিমাণও বাড়তে পারে বলে মনে করছেন তারা।