...|...|...

অর্থনীতি

স্বর্ণের দাম কি আবারও সর্বোচ্চ উচ্চতায় উঠবে, যা বলছে ভবিষ্যদ্বাণী

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৭
Shares
স্বর্ণের দাম কি আবারও সর্বোচ্চ উচ্চতায় উঠবে, যা বলছে ভবিষ্যদ্বাণী

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। অনেক বাজার বিশেষজ্ঞ মনে করছেন, মূল্যবান এই ধাতুর দাম ইতোমধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসি বলছে, এখনই এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহত থাকলে স্বর্ণের দাম আরও কমতে পারে।

প্রতিবেদনে উল্লেখিত কমেক্সের বাজারদর অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি ২৪ ক্যারেট স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৭১ হাজার ৮৯২ টাকা। তবে এইচএসবিসির পূর্বাভাস অনুযায়ী, এই দাম কমে প্রায় ১ লাখ ৬০ হাজার ১১৮ টাকায় নেমে আসতে পারে।

সাধারণত শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়েন বিনিয়োগকারীরা। তবে এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।

এইচএসবিসির বিশ্লেষক জেমস স্টিলের মতে, শেয়ারবাজারে বড় ধরনের লোকসানের মুখে পড়া বিনিয়োগকারীরা নগদ অর্থের প্রয়োজন মেটাতে এবং ক্ষতি সামাল দিতে স্বর্ণ বিক্রি করছেন। শেয়ারবাজারে বিক্রির চাপ আরও বাড়লে স্বর্ণের দাম পূর্বাভাসের চেয়েও নিচে নেমে যেতে পারে।

কোন ক্যারেটের স্বর্ণের দাম কত হতে পারে?

এইচএসবিসির পূর্বাভাস ও ডলারের বিনিময় হার অনুযায়ী আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ক্যারেটের স্বর্ণের সম্ভাব্য দাম নিচে তুলে ধরা হলো—

এই হিসাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৬ দশমিক ৮৫ শতাংশ কমতে পারে।

প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৫ দশমিক ৫৮১ টাকা এবং ক্যারেটভিত্তিক বিশুদ্ধতার অনুপাত ধরে এই হিসাব করা হয়েছে। তবে এর সাথে আমদানি শুল্ক, ভ্যাট, মজুরি ও স্থানীয় বাজারের অন্যান্য খরচ যুক্ত করা হয়নি।

স্বর্ণের বাজারে গুরুত্বপূর্ণ মূল্যসীমা

জেমস স্টিলের মতে, প্রতি ভরি বিশুদ্ধ স্বর্ণের প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার মূল্যসীমা বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় নিলে এই দাম স্বর্ণের অতীতের সর্বোচ্চ মূল্যের সমতুল্য।

২০২৫ সালে স্বর্ণের দামের ব্যাপক উত্থানের সময় এই সীমা অতিক্রম করে নতুন উচ্চতায় পৌঁছেছিল মূল্যবান ধাতুটি। এখন দাম এই সীমার নিচে নেমে দীর্ঘ সময় অবস্থান করলে তা স্বর্ণের বাজারের জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে।

সুদহার ও শক্তিশালী ডলারের প্রভাব

শেয়ারবাজারের মন্দার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মুদ্রানীতিও স্বর্ণের বাজারে চাপ তৈরি করছে।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং প্রত্যাশার চেয়ে ভালো অর্থনৈতিক সূচকের কারণে আগামী ডিসেম্বরে সুদহার আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। এই দুটি বিষয়ই স্বর্ণের দাম বৃদ্ধির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

রুপা ও প্লাটিনামের বাজারেও অনিশ্চয়তা

স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের বাজার নিয়েও সতর্ক করেছে এইচএসবিসি। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের সম্ভাবনায় এসব ধাতুনির্ভর শিল্প খাতে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষ করে উৎপাদন ও উচ্চপ্রযুক্তি খাতে ব্যয় বৃদ্ধি কিংবা সরবরাহব্যবস্থা বিঘ্নিত হলে রুপা ও প্লাটিনামের শিল্পভিত্তিক চাহিদা কমতে পারে।

ব্যাংকটির মতে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে রুপার দাম ব্যাপক হারে বাড়বে, এমন নিশ্চয়তা নেই। তবে মেক্সিকো ও কানাডাকে লক্ষ্য করে শুল্ক আরোপ করা হলে বাজারের পরিস্থিতি বদলে যেতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের রুপা আমদানির অন্যতম প্রধান উৎস এই দুই দেশ।

এখন স্বর্ণ কেনা নিয়ে কী বলছে এইচএসবিসি?

বর্তমান বাজার পরিস্থিতিতে তাড়াহুড়ো করে বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছে এইচএসবিসি। ব্যাংকটি বিনিয়োগকারীদের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নজর রাখতে বলেছে—

  • বৈশ্বিক শেয়ারবাজারের স্থিতিশীলতা।
  • মার্কিন ডলারের বিনিময় হারের গতিবিধি।
  • সুদহার নিয়ে ফেডারেল রিজার্ভের অবস্থান।

আগামী দিনে শেয়ারবাজার স্থিতিশীল হলে এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমার লক্ষণ দেখা দিলে স্বর্ণের বাজারে দরপতনের চাপ কমতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, ভারতের স্থানীয় বাজারে স্বর্ণ ও রুপার দাম শুধু আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে না। মুদ্রার বিনিময় হার, আমদানি শুল্ক, বিয়ে ও উৎসবকেন্দ্রিক চাহিদাও দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশের ক্ষেত্রেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমলেই স্থানীয় বাজারে একই অনুপাতে দাম কমবে, এমন নিশ্চয়তা নেই। ডলারের বিনিময় হার, স্থানীয় বাজারে স্বর্ণের সরবরাহ ও চাহিদাসহ বিভিন্ন বিষয় দামের ওপর প্রভাব ফেলতে পারে।