...|...|...

অর্থনীতি

টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো শিগগিরই

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ১১:৪৯
Shares
টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো শিগগিরই

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার পর এবার প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটি জানিয়েছে, শ্রমিকদের জন্য নতুন, বাস্তবসম্মত ও যুগোপযোগী নিম্নতম মজুরি কাঠামো প্রণয়নের কাজ শুরু হয়েছে। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

শনিবার (২৮ নভেম্বর) বিটিএমএর সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক ও বস্ত্রশিল্প পরস্পরের পরিপূরক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সম্প্রতি তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কাঠামো চূড়ান্ত হয়েছে। এবার একই ধারাবাহিকতায় প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য ও সময়োপযোগী মজুরি নির্ধারণে কাজ করছে বিটিএমএ।

এ প্রক্রিয়া এগিয়ে নিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সাথে সংগঠনটির আলোচনা ও সমন্বয় অব্যাহত রয়েছে।

বিটিএমএর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ঘোষিত টেক্সটাইল খাতের সর্বশেষ মজুরি কাঠামোর মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন মজুরি শ্রমিকদের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হবে বলে আশা করছে সংগঠনটি।

অন্যদিকে, নতুন মজুরির দাবিকে কেন্দ্র করে কয়েকটি কারখানায় শ্রমিকদের একটি অংশের মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিটিএমএ। এ ধরনের কর্মকাণ্ডের পেছনে স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

সংগঠনটির ভাষ্য, শিল্প খাতে অস্থিরতার কারণে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের উল্লেখযোগ্য পরিমাণ ক্রয়াদেশ ইতোমধ্যে অন্য দেশে বা প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়েছে। উৎপাদন ব্যাহত হলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে উৎপাদন বন্ধ রাখা বা ব্যাহত করার মতো পরিস্থিতিকে আত্মঘাতী বলে মনে করছে বিটিএমএ।

শিল্পের স্বার্থে শ্রমিক, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষকে ধৈর্যশীল ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে উৎপাদন কার্যক্রম সচল রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি নতুন মজুরি কাঠামো ভারসাম্যপূর্ণভাবে নির্ধারণে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা চেয়েছে।

তবে টেক্সটাইল খাতের নতুন মজুরি কাঠামো ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।