...|...|...

বিশ্ব

অক্সফোর্ডে বিনা খরচে মাস্টার্স-এমবিএর সুযোগ, বাংলাদেশিদের আবেদন যেভাবে

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৪
Shares
অক্সফোর্ডে বিনা খরচে মাস্টার্স-এমবিএর সুযোগ, বাংলাদেশিদের আবেদন যেভাবে

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স ও এমবিএ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। ‘পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় বহন করা হবে। আবেদন করা যাবে আগামী ৬ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির যাত্রা দ্বাদশ শতাব্দীর শেষ দিকে বা ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে শুরু হয়েছে বলে ধারণা করা হয়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

কী কী সুবিধা পাওয়া যাবে

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরের সম্পূর্ণ টিউশন ফি পাবেন। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় মেটাতে আলাদা ভাতাও দেওয়া হবে।

এ ছাড়া নেতৃত্বের দক্ষতা বাড়ানো, বিভিন্ন নেটওয়ার্কিং কার্যক্রমে অংশ নেওয়া এবং পার্শিং স্কয়ার ফাউন্ডেশনের আন্তর্জাতিক কমিউনিটির সাথে যুক্ত হওয়ার সুযোগ থাকবে।

কারা আবেদন করতে পারবেন

যেকোনো দেশের শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর একাডেমিক ফলাফল প্রথম শ্রেণি বা সমমানের হতে হবে।

এর পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, সমাজে ইতিবাচক প্রভাব তৈরির আগ্রহ এবং নিজের পেশাগত লক্ষ্যের সাথে বৃত্তির উদ্দেশ্যের সামঞ্জস্য থাকতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের সময় আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত (সিভি), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, দুটি সুপারিশপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে।

এ ছাড়া ‘How do you intend to change the world...’ শিরোনামে ৫০০ শব্দের একটি প্রবন্ধ লিখে জমা দিতে হবে।

কোর্স ও আবেদন পদ্ধতি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পর্যায়ে ১৮০টির বেশি কোর্স রয়েছে। এসব কোর্সে পাঠদানের পাশাপাশি গবেষণার সুযোগও থাকে। এর মধ্যে শ্রেণিকক্ষভিত্তিক এবং সাধারণত এক বছর মেয়াদি মাস্টার অব সায়েন্স (এমএসসি) কোর্সও রয়েছে।

আবেদন করতে হবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে। আবেদনের ফান্ডিং অংশে পার্শিং স্কয়ার স্কলারশিপের জন্য বিবেচিত হওয়ার আগ্রহ জানাতে হবে এবং নির্ধারিত ৫০০ শব্দের প্রবন্ধ সংযুক্ত করতে হবে।

বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।