...|...|...

বিশ্ব

‘কোভিডের চেয়েও ভয়ংকর কিছু আসছে ২০২৭ সালে’!, এআই গবেষকের সতর্কবার্তা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪১
Shares
‘কোভিডের চেয়েও ভয়ংকর কিছু আসছে ২০২৭ সালে’!, এআই গবেষকের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

২০২০ সালের কথা মনে পড়লে অনেকেই এখনো আঁতকে ওঠেন। ছয় বছর আগে কোভিড-১৯ মহামারির থাবায় স্তব্ধ হয়ে গিয়েছিল বিশ্ব। স্বজন হারানোর যন্ত্রণার পাশাপাশি কাজ হারিয়ে নিঃস্ব হয়েছিলেন অসংখ্য মানুষ, বন্ধ হয়ে গিয়েছিল বহু ব্যবসাপ্রতিষ্ঠান।

এবার সেই মহামারির চেয়েও ভয়াবহ এক বছরের আশঙ্কার কথা শোনালেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষক নিকোলা জুরকোভিচ। তবে কোনো ভাইরাসের সংক্রমণে নয়; বরং প্রযুক্তির লাগামছাড়া দাপটে মানুষের কর্মসংস্থান বিলুপ্ত হওয়া এবং বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন তিনি। তার দাবি, ২০২৭ সালেই এমন ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে।

পশ্চিমা দেশগুলোতে এখন ‘থ্যাংকসগিভিং’ ছুটির মৌসুম চলছে। উৎসবের এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  এক খোলা চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন নিকোলা। অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ‘এমইটিআর’-এর কারিগরি দলের এই সদস্য জানান, পরের বছরের থ্যাংকসগিভিং পরিবারের সঙ্গে উদ্‌যাপন করতে পারবেন কি না, তা নিয়ে তিনি সন্দিহান। উল্লেখ্য, এমইটিআর অত্যন্ত ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলোতে অত্যাধুনিক এআই ব্যবস্থার নিরাপত্তা যাচাই নিয়ে কাজ করে।

নিকোলা জানান, বহু বছর ধরে এআইয়ের ঝুঁকি নিয়ে চিন্তিত থাকলেও এত দিন প্রকাশ্যে কিছু বলেননি। তবে খুব দেরি হয়ে যাওয়ার আগেই এ বিষয়ে সতর্ক করা নিজের দায়িত্ব বলে মনে করছেন তিনি। তাঁর মতে, চলতি বছরেই এআই ব্যবহার করে বহু প্রতিষ্ঠানে সাইবার হামলা হয়েছে, তবে ক্ষতি এখন পর্যন্ত আর্থিক সীমায় আটকে আছে। কিন্তু আগামী বছর তা মানুষের জীবনহানির কারণও হয়ে দাঁড়াতে পারে।

২০২৭ সাল নিয়ে এমন আশঙ্কার পেছনে তিনটি প্রধান কারণ উল্লেখ করেছেন এই গবেষক। প্রথমত, কঠোর বৈশ্বিক নীতিমালা না থাকায় এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং বিশ্বের সবচেয়ে মেধাবী মানুষদেরও ছাপিয়ে গিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে অনুপ্রবেশ করতে পারে।

দ্বিতীয়ত, অপরাধী ও অসাধু চক্র এআইয়ের সহায়তায় ভয়ংকর জৈবিক অস্ত্র তৈরি করতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলবে। তৃতীয়ত, প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তারা বেশির ভাগ দায়িত্ব এআইয়ের হাতে তুলে দেওয়ায় বিশ্বজুড়ে কর্মসংস্থানের তীব্র সংকট দেখা দেবে এবং কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়বেন।

নিকোলার আশঙ্কা, এআইয়ের এই লাগামহীন অগ্রগতি মানবজাতির অস্তিত্বের সঙ্গে সংঘাত তৈরি করবে। বড় কোনো প্রতিবন্ধকতা তৈরি না হলে ২০৩০ সালের শেষ নাগাদ মানুষ ক্ষমতাহীন হয়ে পড়তে পারে। এমনকি আগামী ১০ বছরের মধ্যে অধিকাংশ মানুষ কাজ হারাবেন এবং আগামী পাঁচ বছরে শিক্ষা, কর্মজীবন ও পরিবার গঠনের প্রচলিত পরিকল্পনাগুলো ভেঙে পড়বে বলেও মনে করেন তিনি।

পরিস্থিতি এতটাই গুরুতর হতে পারে ভেবে নিকোলা ইতিমধ্যে তাঁর পরিবারকে অন্তত দুই সপ্তাহের শুকনো খাবার ও পানি মজুত রাখার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি অনলাইন ব্যাংকিং ব্যবস্থা অচল হয়ে পড়ার আশঙ্কা থেকে ঘরে নগদ অর্থ রাখার কথাও বলেছেন তিনি। অবশ্য তাঁর এসব দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই; পুরোটাই ব্যক্তিগত পর্যবেক্ষণ ও আশঙ্কা থেকে বলা।

উত্তরণের পথ কী
এই ভয়াবহ পরিণতি ঠেকানোর সময় খুব কম বলে সতর্ক করেছেন নিকোলা। তার মতে, এআইয়ের গতি নিয়ন্ত্রণে অবিলম্বে কঠোর বৈশ্বিক আইন ও নজরদারি প্রয়োজন। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ‘ইইউ এআই অ্যাক্ট’-এর উদাহরণ টেনে তিনি বলেন, ইউরোপ এমন কঠোর নিরাপত্তা মানদণ্ড তৈরি করতে পারে, যা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও মানতে বাধ্য হবে।

পাশাপাশি সাধারণ মানুষকে এআইয়ের ঝুঁকি নিয়ে সচেতন হওয়ার এবং রাজনৈতিক নেতৃত্বের ওপর বৈশ্বিক নীতিমালা প্রণয়নের চাপ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। কম্পিউটার বিজ্ঞানী, প্রকৌশলী ও অর্থনীতিবিদদেরও এআই নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ করেছেন এই গবেষক।

নিকোলার এই বক্তব্য অনেকের কাছে অতিশয়োক্তি মনে হলেও, এর আগেও বিশ্বের শীর্ষস্থানীয় অনেক বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ এআইয়ের অনিয়ন্ত্রিত বিকাশ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা সেই আশঙ্কাকেই নতুন করে সামনে আনছে। তবে ২০২৭ সাল সত্যিই মানবজাতির জন্য তেমন কোনো অশনিসংকেত নিয়ে আসছে কি না, তা সময়ই বলে দেবে।