...|...|...

রাজনীতি

আ.লীগের সাথে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ১০:৪২
Shares
আ.লীগের সাথে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ

ছবি: সংগৃহীত

বিএনপি নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নির্বাচন করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, আওয়ামী লীগের সাথে বিএনপির কথিত গোপন সমঝোতা ভেঙে যাওয়ার পর দলটি এখন জাতীয় ঐক্যের কথা বলছে।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে রাজশাহীতে এনসিপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। এর ফলে দলটির প্রতি জনগণের আস্থা কমেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি আওয়ামী লীগের পাশে থাকলেও বাংলাদেশের মাটিতে দলটি আর রাজনীতি করার সুযোগ পাবে না।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেন, এবারের লড়াই সীমান্ত সুরক্ষিত করা এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লড়াই।

তিনি আরও বলেন, তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের পরিচয়ে যারা ভারতের দালালি করবেন এবং আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন, তাদের বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হবে।

সারজিস আলমের অভিযোগ, ভারত বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক গড়তে চায় না। বরং একটি গণহত্যাকারী দলকে সেবাদাস বানিয়ে তাদের সাথেই সম্পর্ক রাখতে চায়।

সমাবেশের আগে রাজশাহীর আলুপট্টি এলাকা থেকে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সাহেববাজারে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ইমরান ইমন, সাকিব মাহাদী, এমএ সবুর ও আহসান এবং রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।