কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, এদের দ্বারা দেশে আর নৈরাজ্য হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও-ভাঙচুর ও লুটপাটের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।
হুইপ দুলু বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে যে সম্পদ লুণ্ঠন করেছে, তা পূরণ হবার নয়। তারা দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগের আমলে দেশের কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। ডিজিটাল কালো আইন দিয়ে দীর্ঘ ১৮ বছর দেশের মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল। সরকার সব গণতান্ত্রিক দলকে সাথে নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করবে।
বিএনপির এই নেতা বলেন, দীর্ঘদিন পর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। বিএনপি এই ধারা বিপন্ন করবে না।
এ দিন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীসহ অন্যান্য নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।


