...|...|...

জাতীয়

সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৪
Shares
সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছেন বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিক। ২২ সপ্তাহের প্রশিক্ষণ শেষে তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটির প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী নবীন নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রশিক্ষণে সেরা চৌকস নাবিক হিসেবে মো. সেজান মাহমুদ ‘নৌপ্রধান পদক’ পেয়েছেন। দ্বিতীয় স্থান অর্জনকারী মো. মুজাহিদুল ইসলাম পেয়েছেন ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অর্জনকারী মো. শাকিল হাসান পেয়েছেন ‘শের-ই-বাংলা পদক’।

নবীন নাবিকদের উদ্দেশে নৌবাহিনী প্রধান বলেন, দেশের সমুদ্রসীমা রক্ষা এবং একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

এ সময় সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সাথে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকারও আহ্বান জানান নৌবাহিনী প্রধান।

অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।