...|...|...

জাতীয়

উড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ত্রুটি, ফ্লাইট বাতিল

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৭
Shares
উড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ত্রুটি, ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

উড্ডয়নের ঠিক আগে ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটির জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। তবে পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে উড্ডয়ন বাতিল হওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় সব যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, ককপিটে ‘ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ’-সংক্রান্ত সংকেত পাওয়ার পর পাইলট ইন কমান্ড উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন। এভিয়েশন খাতে এ ধরনের ঘটনা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলেও জানিয়েছে সংস্থাটি।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, উড্ডয়ন বাতিলের সময় রানওয়ের সাথে উড়োজাহাজের চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়া তৈরি হয়। তবে উড়োজাহাজটির ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।

এয়ারলাইন্সটি আরও জানায়, নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। এরপর দ্রুত সব যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।

বর্তমানে যাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে নিরাপদে অবস্থান করছেন। এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

যাত্রীদের জেদ্দায় পৌঁছে দিতে শিগগিরই সংস্থাটির অন্য একটি উড়োজাহাজ পাঠানো হবে বলেও জানানো হয়েছে।