...|...|...

জাতীয়

মধ্যরাতে একসাথে ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, রাত ১:৪৯
Shares
মধ্যরাতে একসাথে ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ছবি: সংগৃহীত

প্রশাসনের ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিব রয়েছেন। অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনকে এ পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার।

রবিবার (২৯ নভেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অবসরে পাঠানো অতিরিক্ত সচিবদের মধ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ছিলেন মো. মেহেদী হাসান, এ কে এম টিপু সুলতান, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. সাবিরুল ইসলাম ও গৌতম চন্দ্র পাল।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা অতিরিক্ত সচিব মো. জহির রায়হান, হুমায়রা সুলতানা, মো. মাহমুদুল হাসান, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, আবু আহমদ ছিদ্দীকী, নুরুন আখতার ও মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

অন্যদিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো চার যুগ্ম সচিব হলেন নিরোদ চন্দ্র মন্ডল, মনিরা বেগম, আল মামুন মুর্শেদ ও মোহাম্মদ নুরুল ইসলাম। তারা সবাই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রচলিত বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কোনো কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হলে সরকার জনস্বার্থে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

তবে কী কারণে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার বরাতে জানা গেছে, অবসরে পাঠানো কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।