...|...|...

জাতীয়

ছেলেদের বিয়ের বয়স ১৮ করার সুপারিশ

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ১১:৫১
Shares
ছেলেদের বিয়ের বয়স ১৮ করার সুপারিশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করার সুপারিশ করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। বিয়ের ক্ষেত্রে নারী ও পুরুষের বয়সের পার্থক্য দূর করার পাশাপাশি বিদ্যমান আইনি অসংগতি নিরসনে এ সুপারিশ করেছে সংস্থা দুটি। তবে ছেলেদের বিয়ের বয়স কমানোর বিপক্ষে অবস্থান জানিয়েছে সরকার।

বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ পর্যালোচনা করে যৌথভাবে এ সুপারিশ করেছে ইউএনএফপিএ ও ইউনিসেফ। গত ২৪ নভেম্বর ইউএনএফপিএ বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইনটির বিভিন্ন অসংগতি ও বাস্তবায়নগত দুর্বলতা তুলে ধরা হয়।

জাতিসংঘের সংস্থা দুটির মতে, বিয়ের ক্ষেত্রে নারী ও পুরুষের ন্যূনতম বয়সের পার্থক্য আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ নয়। বাংলাদেশের বিদ্যমান অন্যান্য আইনের সাথেও এর অসংগতি রয়েছে।

১৮৭৫ সালের সাবালকত্ব আইন অনুযায়ী, একজন পুরুষ সাধারণভাবে ১৮ বছর বয়সেই প্রাপ্তবয়স্ক হিসেবে স্বীকৃতি পান। এ বয়সে তিনি ভোট দিতে পারেন, আইন অনুযায়ী চুক্তিও করতে পারেন। অথচ বিয়ের ক্ষেত্রে ২১ বছর বয়স পর্যন্ত তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হয়।

বিদ্যমান আইনে একজন ১৮ বছর বয়সী নারী যদি ২০ বছর বয়সী কোনো পুরুষকে বিয়ে করেন, তাহলে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বিয়ের অভিযোগে ওই নারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

বাল্যবিবাহ নিরোধ আইনের ৭ ধারা অনুযায়ী, কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ অপ্রাপ্তবয়স্ক কাউকে বিয়ে করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধানও রয়েছে।

এসব আইনি অসংগতি দূর করতে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের সুপারিশ করেছে সংস্থা দুটি।

বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারায় থাকা বিশেষ বিধান নিয়েও প্রশ্ন তুলেছে ইউএনএফপিএ ও ইউনিসেফ।

বিদ্যমান এই বিধান অনুযায়ী, বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ এবং মা-বাবা বা অভিভাবকের সম্মতিতে বিয়ে হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না।

আইন পর্যালোচনায় দেখা গেছে, বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হলেও এর শিকার মেয়েদের বিয়ে বাতিলের সরাসরি আইনি সুযোগ নেই। পাশাপাশি জন্ম ও বিবাহ নিবন্ধনের দুর্বলতা, জাল জন্মসনদ ব্যবহার, হলফনামার মাধ্যমে বিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নিষ্ক্রিয়তা এবং সীমিতসংখ্যক মামলা দায়েরের বিষয়টিও উঠে এসেছে।

এসব সমস্যা সমাধানে সংস্থা দুটির উল্লেখযোগ্য সুপারিশগুলো হলো-

  • বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারার বিশেষ বিধান বাতিল।

  • নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ।

  • বাল্যবিবাহের শিকার শিশুর ইচ্ছায় বিয়ে বাতিলের আইনি সুযোগ রাখা।

  • বাল্যবিবাহসংক্রান্ত অপরাধের দায় থেকে শিশুদের অব্যাহতি দেওয়া।

  • অভিযোগ দায়েরের সময়সীমা ছয় বছর নির্ধারণ।

  • মামলা পরিচালনায় আদালত ও ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ার স্পষ্ট করা।

বয়স কমানোর পক্ষে নয় সরকার

জাতিসংঘের দুই সংস্থা ছেলেদের বিয়ের বয়স কমানোর সুপারিশ করলেও এ বিষয়ে সরকারের আগ্রহ নেই বলে জানা গেছে।

নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেনও ছেলেদের বিয়ের বয়স কমানোর বিপক্ষে অবস্থান জানিয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, ‘ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর করা ঠিক হবে না।’

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সাথে বিভিন্ন সময়ের আলোচনায়ও এ বিষয়ে আপত্তি জানিয়েছেন মন্ত্রী।

বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ কিছুটা অগ্রগতি অর্জন করলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক।

রোববার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে বাল্যবিবাহ নিরোধে জাতীয় কর্মপরিকল্পনা পুনর্বিন্যাস নিয়ে উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য তুলে ধরে জানানো হয়, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। ২০১৯ সালে এ হার ছিল ৫১ শতাংশ। অর্থাৎ বাল্যবিবাহের হার কমেছে ৪ শতাংশীয় পয়েন্ট।

অন্যদিকে, ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়েছে ১৩ শতাংশ মেয়ের।

বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যমান আইনের ১৯ ধারা পুনর্বিবেচনা, আইনি ফাঁকফোকর বন্ধ এবং আইন প্রয়োগ আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয় কর্মশালায়।

তবে জাতিসংঘের সংস্থা দুটির সুপারিশ এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী বাংলাদেশে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ এবং মেয়েদের ১৮ বছরই থাকছে।