...|...|...

জাতীয়

পাকিস্তানের সাথে নিত্যপণ্য আমদানিতে পাঁচ বছরের চুক্তি সই

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ৯:০৫
Shares
পাকিস্তানের সাথে নিত্যপণ্য আমদানিতে পাঁচ বছরের চুক্তি সই

ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস বাড়াতে পাকিস্তানের সাথে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর আওতায় চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডালসহ বিভিন্ন নিত্যপণ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানির সুযোগ তৈরি হবে।

রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে সই করেন।

চুক্তি অনুযায়ী, দুই দেশের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে চাল, গম, চিনি, সয়াবিন ও পাম তেল, পেঁয়াজ, আলু, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর ও সারসহ বিভিন্ন পণ্য কেনাবেচা করা যাবে।

তবে এই সমঝোতা স্মারক সরাসরি আমদানি-রপ্তানির চূড়ান্ত চুক্তি নয়। প্রতিটি পণ্যের মান, পরিমাণ, মূল্য এবং সরবরাহের সময়সূচি নিয়ে আলোচনা শেষে আলাদা চুক্তি করতে হবে।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ বলেন, এ উদ্যোগের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ও সুসংগঠিত বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে নতুন সুযোগ তৈরি হবে।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে। বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহে তার দেশ প্রস্তুত।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে পাঁচ বছর কার্যকর থাকবে। কোনো পক্ষ বাতিলের উদ্যোগ না নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে।