...|...|...

জাতীয়

এমপিদের সংসদে উপস্থিতি নিয়ে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৭
Shares
এমপিদের সংসদে উপস্থিতি নিয়ে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সরকারদলীয় সব সংসদ সদস্যকে নিয়মিত সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের নির্ধারিত কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।

রবিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এক অফিস আদেশে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান।

অফিস আদেশে দেশের বাইরে অবস্থানরত সরকারদলীয় সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরুর সময় নির্ধারণ করা হয়েছিল। পরে তা পাঁচ মিনিট কমিয়ে বিকেল ৪টা ১৫ মিনিট করা হয়।

চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর কাছে ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর কাছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া তৃতীয় অধিবেশনের পর জারি হওয়া তিনটি অধ্যাদেশও এ অধিবেশনে উপস্থাপনের কথা রয়েছে।