...|...|...

বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি ছিটকে যাচ্ছেন পাভেল!

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪১
Shares
‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি ছিটকে যাচ্ছেন পাভেল!

অভিনেতা সাইদুর রহমান পাভেল। ছবি: ভিডিও থেকে নেওয়া

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন অভিনেতা সাইদুর রহমান পাভেল। সম্প্রতি তার একটি আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন তিনি।

এর মধ্যেই নতুন করে গুঞ্জন উঠেছে, ভিডিও বিতর্কের জেরেই কি না ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন এই অভিনেতা।

গুঞ্জনের সূত্রপাত ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমির একটি ফেসবুক পোস্টকে ঘিরে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন তিনি। সেখানে ধারাবাহিকটির পরিচিত ও নিয়মিত শিল্পীদের নাম থাকলেও দেখা যায়নি পাভেলের নাম।

এরপর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, ব্যক্তিগত ভিডিও বিতর্কের কারণেই হয়তো পাভেলকে ধারাবাহিকটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি পরিষ্কার করতে নির্মাতা কাজল আরেফিন অমির সাথে যোগাযোগ করা হয়। পাভেলকে ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জনের সত্যতা জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

এদিকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান তুলে ধরেছিলেন পাভেল। তার দাবি, ভিডিওতে ফোনের অপর পাশে থাকা নারীর সাথে তার শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল, এর বেশি কিছু নয়।

এর মধ্যে আরও একটি পাঁচ মিনিটের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে নতুন ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।

ক্যারিয়ারের শুরুতে ভারতের আলোচিত রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে নজর কাড়েন সাইদুর রহমান পাভেল। পরে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি।

তবে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের পর। ধারাবাহিকটিতে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান পাভেল।