দেশের ওটিটি অঙ্গনের জনপ্রিয় চরিত্রগুলোর একটি ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে চরিত্রটির পরিচিতি ঘটে। দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়ার পর অ্যালেন স্বপনকে কেন্দ্র করে নির্মিত হয় আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা পান নাসির উদ্দিন খান।
গত বছর চরকিতে মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় সিজন। এবার নির্মিত হচ্ছে তৃতীয় কিস্তি। ইতোমধ্যে শুরু হয়েছে নতুন সিজনের শুটিং। আগের দুই সিজনের মতো এবারও অ্যালেন স্বপন চরিত্রে দেখা যাবে নাসির উদ্দিন খানকে। তবে নতুন সিজনে থাকছে একটি পরিবর্তন। আগের দুই সিজনে অ্যালেন স্বপনের সঙ্গী শায়লা চরিত্রে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার সেই চরিত্রে দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে।
বিষয়টি নিয়ে নির্মাতা শিহাব শাহীন জানান, চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির পক্ষ থেকে আনুষ্ঠানিক তথ্য প্রকাশের আগে তিনি এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। পরে চরকির একটি বিশ্বস্ত সূত্রও গণমাধ্যমকে জানিয়েছে, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে অভিনয় করছেন প্রভা।
মিথিলার পরিবর্তে প্রভাকে নেওয়ার কারণ হিসেবে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিথিলা। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন তিনি। ব্যস্ততার কারণে দেশে ফিরে সিরিজটির শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।
এদিকে চলতি মাসের শেষ দিকে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে প্রভার। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সিরিজটির শুটিং শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে। নাসির উদ্দিন খান ও প্রভা ছাড়াও এতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি। তাদের সঙ্গে আরও কয়েকজন শিল্পী থাকছেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন।


