...|...|...

বিনোদন

ব্রেন টিউমারের চিকিৎসার পর অভিনয়ে ফিরেই বাজিমাত, প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১:১৫
Shares
ব্রেন টিউমারের চিকিৎসার পর অভিনয়ে ফিরেই বাজিমাত, প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির কারণে প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সুস্থ হয়ে গত ২৬ অক্টোবর আবারও শুটিংয়ে ফেরেন এই অভিনেত্রী। প্রত্যাবর্তনের পর তার অভিনীত নতুন নাটক ‘অংশীদার’ মুক্তি পেয়েছে। নাটকটিতে তার অভিনয় প্রশংসা পাচ্ছে দর্শকদের কাছ থেকে।

গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল।

পারিবারিক দ্বন্দ্ব, নারীর সম্পত্তিতে ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মতো সামাজিক বিষয় উঠে এসেছে ‘অংশীদার’ নাটকে। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।

মুক্তির পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত নাটকটির ভিউ ১৫ লাখ ৮৫ হাজার। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকেরা নাটকের গল্প ও অভিনয়শিল্পীদের কাজের প্রশংসা করছেন।

সুমাইয়া নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে-এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।’

ফারজানা নামের আরেক দর্শক লিখেছেন, ‘নাটকটির সাথে বাস্তবতার অনেক মিল, আমাদের সাথেও মিলে গেল, আমরাও দুই বোন, বাবা মারা গেছেন, আত্মীয়স্বজনদের কত রূপে দেখছি, কিন্তু বাবা মারা যাওয়ার আগে আমাদের নামেও দলিল করে দিয়ে গেছেন।’

তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরাকে স্বাগত জানিয়েছেন দর্শকেরা। আরোশি নামের একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। তানিয়া বৃষ্টি আপুকে আবার নতুন নাটকে আমাদের মাঝে ফিরে পেয়েছি, আপু তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো এই দোয়া করি।’

আরেক দর্শকের মন্তব্য, ‘সবচেয়ে বেশি ভালো লাগছে প্রিয় অভিনেত্রী বৃষ্টি আপুকে নাটকে ফিরে পেয়েছি, এভাবে সুস্থ থেকে দর্শকদের নাটক উপহার দিন তানিয়া বৃষ্টি।’

দর্শকদের এমন সাড়ায় আনন্দিত নাটকটির নির্মাতা ইকসান রনি। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকেরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।

অভিনয়ে ফেরার পর তানিয়া বৃষ্টির সাথে কাজের অভিজ্ঞতাও জানিয়েছেন নির্মাতা। তিনি বলেন, ‘গেল বছরের শেষ দিকে তানিয়া (বৃষ্টি) আপুর সাথে আমার কাজ করার কথা ছিল। হুট করেই তার অসুস্থতার খবর শুনি। এরপর আমাদের আর কাজটি করা হয়নি। মাসখানেক ধরে আবার আমাদের আলাপ হচ্ছিল। গল্পটি পড়ে ফোন করে জানালেন, কাজটি করতে চান। শুটিংয়ের আগে দুই দিন বসেছিলাম। তিনিও অভিনয়ে ফেরার জন্য বেশ উদ্গ্রীব ছিলেন। শুটিংয়ে তাকে আমার আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। আমার এই চরিত্রেও তিনি দারুণ কাজ করেছেন।’

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরে ‘অংশীদার’ নাটকের মাধ্যমে দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসায় নতুন করে অনুপ্রাণিত হচ্ছেন তানিয়া বৃষ্টি।